মানিকগঞ্জের সিংগাইরে সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কার ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের মিদুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, দুর্ঘটনায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পলাতক চালক ও ট্রাককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।