নরসিংদীর পলাশে একটি আরসিসি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। বৃষ্টির মধ্যেই হাঁটু পানিতে কংক্রিট মিশ্রিত বালু-সিমেন্টের ঢালাই দিয়ে সড়কের কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে এলাকাবাসীর তোপের মুখে সেই ঢালাই তুলে নতুন করে সড়ক নির্মাণকাজ করতে হচ্ছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা সমালোচনা।
জানা গেছে, ডাঙ্গা বাজার থেকে ইউনিয়ন পরিষদের সামনের ১২০ মিটার আরসিসি ঢালাই সড়কের নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই) লিমিটেড। স্থানীয়দের অভিযোগ, সড়কটি নির্মাণের শুরুতেই বিভিন্ন অনিয়মের আশ্রয় নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়রা বিষয়টি দেখে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। পরে নরসিংদী সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাজের অনিয়ম দেখে সড়কটি নতুন করে নির্মাণ করার নির্দেশ দেন।
স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন খান জানান, বৃষ্টি হওয়ার কারণে সড়ক সংস্কারের স্থানে হাঁটু পানি জমে। এ সময় শ্রমিকরা মিক্সার মেশিন থেকে সেই হাঁটু পানিতেই ঢালাই দিচ্ছিলেন। এটা প্রথমে আমরা প্রতিবাদ করলেও তারা কর্ণপাত করেনি। তারা ঢালাই কাজ চালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম জানান, ঠিকাদারের লোকজন কারও কথা না শুনে সকালে জমে থাকা পানির মধ্যেই ঢালাই দেয়। পরে তোপের মুখে পড়ে বিকেলে ভেকু মেশিন দিয়ে সেই ঢালাই তুলে ফেলা হচ্ছে।
নরসিংদী সড়ক ও জনপথ বিভাগ (সওজ)-এর নির্বাহী প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বি বলেন, ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে ঠিকাদারকে ঢালাই কাজ বন্ধ রেখে পুরোনো ঢালাই সরিয়ে নতুন করে ঢালাই দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী ঢালাই সরানোর কাজ চলমান। পুরোনো ঢালাই সরানো হলে পরে নতুন করে সে স্থানে ঢালাই দেওয়া হবে। এ ব্যাপারে কোনো গাফিলতি ছাড় দেওয়া হবে না।