দ্রুত
সময়ের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে
জানিয়েছেন রেলসচিব মো. সেলিম রেজা। বৃহস্পতিবার সকালে অনির্ধারিত সফরের অংশ হিসেবে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন পরিদর্শনকালে তিনি এ বিষয়ে জানিয়েছেন।
এ সময়
তিনি বলেন, রেলস্টেশনটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার পর থেকে সব আন্তঃনগর ট্রেন এ
স্টেশনে যাত্রা বিরতি করবে।
ইতোমধ্যে
কিছু কিছু ট্রেনের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে সচিব বলেন, ‘২০২৩ সালের মধ্যে
আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেললাইনের নির্মাণকাজ শেষ হবে। কাজ শেষ হলে যাত্রীদের
পাশাপাশি পণ্য পরিবহনেও গতি আসবে। ভারতে লকডাউন চলায় সেখান থেকে স্লিপার আসতে দেরি
হচ্ছে। এতে কাজ কিছুটা বিলম্বে হচ্ছে। দ্রুত কাজ শেষ করার জন্য রেলপথ মন্ত্রণালয়
চেষ্টা অব্যাহত রেখেছে।’
করোনাকালে
ট্রেনে স্বাস্থ্যবিধি না মানার কারণ জানতে চেয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে
রেলসচিব বলেন, ‘এমন কোনো ঘটনা আমাদের নজরে আসেনি। এমনটি হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে
ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি
বলেন, আজকে আমি মহানগর প্রভাতী
ট্রেনের যাত্রাকালে প্রতিটি কম্পার্টমেন্টে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। কিন্তু কেউ
তাদের যাত্রা নিয়ে কোনো অভিযোগ করেননি।