চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) এবং একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)।
নিহতদের স্বজনেরা জানান, শুভ ও ওমর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পড়াশোনার পাশাপাশি তারা স্থানীয় আবুতোরাব বাজারের একটি গবেষণাগারে চাকরি করতেন। শুক্রবার রাতে শুভ তার বন্ধু ওমরকে সঙ্গে নিয়ে বারৈয়ারহাট বাজারে নতুন মোটরসাইকেল কিনতে যান।
মোটরসাইকেলটি নিয়ে বাড়ি ফেরার পথে বড়তাকিয়া গেট এলাকায় দ্রুতগতির একটি লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শুভ নিহত হন। গুরুতর আহত ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অপরজনের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থল ও সংশ্লিষ্ট এলাকায় পুলিশের সদস্য পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষ হলে দুর্ঘটনার বিস্তারিত জানা যাবে।