দেশের বাজারে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবী স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে এ ঘোষণা ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
বাজুসের এক বিজ্ঞপ্তিতে আজ সকালে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
সর্বশেষ গত ২৮ জুলাই স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৯৫০ এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর এ নিয়ে ৯৭ বার দেশের বাজারে সমন্বয় করা স্বর্ণের দাম। দাম বাড়ানো হয়েছে ৪৭ বার, আর কমেছে ৪৯ বার এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার। তখন ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রৌপ্যের দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রৌপ্য বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্য ২ হাজার ৮৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।