মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন বর। ব্যতিক্রম এ ঘটনা গাইবান্ধার সাদুল্লাপুরের। যৌতুকবিহীন এ বিয়েতে দেনমোহর নির্ধারণ হয় আড়াই লাখ টাকা, যা নগদেই পরিশোধ করেন বর। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে দুই বিয়েবাড়িতেই ভিড় করে শত শত মানুষ।
চকনদী গ্রামে সায়েদ আলীর ছেলে শাকিল মিয়ার বিয়ে উপলক্ষে গত শুক্রবার বিকালে এ আয়োজন করা হয়। একই এলাকার হিঙ্গারপাড়া গ্রামের খোকন মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের সঙ্গে বিয়ে হয় তার।
বরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল মিয়া পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। তার মায়ের দীর্ঘদিনের ইচ্ছা ছিল ছেলের বিয়ে হবে হাতির পিঠে চড়ে। মায়ের শখ পূরণেই এ আয়োজন। শাকিল হাতির পিঠে চড়ে কনের বাড়ির উদ্দেশে রওনা হলেও বরযাত্রীদের জন্য ছিল মাইক্রোবাস। হাতির পিঠে বর যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমে।