নওগাঁ

সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু, খবর শুনে মারা গেল শিক্ষার্থীও

নিহত উম্মে কুলসুম ও আহত মমতাজ বেগম বদলগাছী লাবণ্য প্রভা কমিউনিটি বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তাদের মধ্যে উম্মে কুলসুমের বাড়ি বদলগাছী উপজেলার পুরাতন ব্রিজ এলাকায় এবং মমতাজের বাড়ি গোরশাহী গ্রামে। আর শিক্ষার্থী তাসনিম বদলগাছী জগন্নাথপুর গ্রামের আবুল কালাম চৌধুরী মেয়ে। সে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় উম্মে কুলসুম নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মমতাজ বেগম নামে আরেক শিক্ষিকা। আজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাসনিম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, নিহত উম্মে কুলসুম ও আহত মমতাজ বেগম বদলগাছী লাবণ্য প্রভা কমিউনিটি বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তাদের মধ্যে উম্মে কুলসুমের বাড়ি বদলগাছী উপজেলার পুরাতন ব্রিজ এলাকায় এবং মমতাজের বাড়ি গোরশাহী গ্রামে। আর শিক্ষার্থী তাসনিম বদলগাছী জগন্নাথপুর গ্রামের আবুল কালাম চৌধুরী মেয়ে। সে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, বিদ্যালয় ছুটির পর একটি সিএজিচালিত অটোরিকশায় উম্মে কুলসুম এবং মমতাজ বেগম বোর্ড পরীক্ষার খাতা সংগ্রহ করতে মহাদেবপুর যাচ্ছিলেন। পথে বদলগাছী-মাতাজি সড়কে চাকড়াইল বটতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই মেশিন (বঙগা) তাদের অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উম্মে কুলসুমকে মৃত ঘোষণা করেন। আর আহত মমতাজ বেগমকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

এদিকে এ ঘটনার খবর বিদ্যালয়ে পৌঁছলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাসনিম আরা অসুস্থ হয়ে পড়ে। শিক্ষক ও সহপাঠীরা উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামিম ইয়াসার বলেন, উম্মে কুলসুমকে দুপুর ১টা ২০ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। আর শিক্ষার্থী তাসনিম আরাকে হাসপাতালে নিয়ে আসা হয় দুপুর ১টা ৫০ মিনিটের দিকে। ধারণা করা হচ্ছে আকস্মিক তীব্র মানসিক ধাক্কায় মস্তিষ্কের রক্ত চলাচল ব্যহত হওয়ায় বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

লাবণ্য প্রভা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষিকা উম্মে কুলসুম এবং অষ্টম শ্রেণীর ছাত্রী তাসনিম আরার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বদলগাছী থানার পরিদর্শক (ওসি) রুহুল আমীন বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত অটোরিকশা এবং ধানমাড়াই করা বঙগা জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর অটোরিকশা ও বঙগা চালক পলিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

আরও