সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভ্ন্নি অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। মেঘ ও কুয়াশার কারণে রোদের দেখা মেলেনি। এ অবস্থায় রাজধানীতে হালকা শীত অনুভূত হচ্ছে। আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টি কমার আভাস দিয়েছে আবহওয়া অধিদপ্তর।
আজ সোমবার আবহাওয়াবিদ নাজমুল হক বণিক বার্তাকে বলেন, আগামীকাল থেকে দেশের বেশিরভাগ অঞ্চল মেঘমুক্ত থাকবে। সূর্য দেখা যাবে। দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
যেহেতু আকাশ মেঘমুক্ত হবে, কালকের পর থেকে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। গত তিনদিন শীতল আবহাওয়া দেখা গেলেও পরিপূর্ণ শীত আসতে আরো দেরি হবে বলেও তিনি জানান।
আবহওয়াবিদ নাজমুল হক আরো বলেন, যেহেতু উত্তর আন্দামান সাগরে একটি লঘুচাপ আছে, আগামী ৪৮ ঘণ্টায় এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এটি শক্তিশালী হয়ে যদি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আসে, সে ক্ষেত্রে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয় অধিদপ্তরের ওয়েবসাইটে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্য আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি বিরাজ করছে। এটি ঘনীভূত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
ঢাকায় বাতাসের গতি ও দিক থাকবে উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার। আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ের শুরুতে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।