চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের সব কার্যক্রম আগামী এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেজন্য রাত ১০ টার মধ্যেই শিক্ষার্থীদের ক্যাম্পাস ও ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ( ২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৫৪২তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জানান, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৪২তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুযায়ী চলমান উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে চারুকলা ইনস্টিটিউটের একাডেমিক ভবন, আবাসিক হোস্টেল ও অন্যান্য সামগ্রিক কাঠামোগত উন্নয়ন ও মেরামত কাজের জন্য ২ ফেব্রুয়ারি থেকে পহেলা মার্চ পর্যন্ত ইনস্টিটিউটের যাবতীয় স্ব-শরীরে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তাই চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল আজ রাত ১০টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় হোস্টেলে অবস্থানকারী শিক্ষার্থীদের রাত ১০টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, মূল ক্যাম্পাসে ফেরাসহ ২২ দাবিতে ২০২২ সালের ২ নভেম্বর থেকে আন্দোলনে নামে চারুকলার শিক্ষার্থীরা। ৮২ দিন আন্দোলনের পর গত ২৩ জানুয়ারি ক্লাসে ফেরেন তারা। ৭ দিনের আল্টিমেটাম শেষে গত ৩১ জানুয়ারি থেকে আবারো আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।