মেগা প্রকল্পের নামে দুর্নীতি এখন হচ্ছে না —রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘নানা ষড়যন্ত্র সফলভাবে মোকাবেলা করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার।

মানুষের মধ্যে তারেক রহমানের জনপ্রিয়তা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। অতীতের ফ্যাসিবাদী আমলের মতো মেগা প্রকল্পের নামে দুর্নীতি এখন হচ্ছে না, বরং দুর্নীতিমুক্ত উন্নয়ন চলছে।’

গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শ্রদ্ধা জানানোর পর নেতাকর্মীদের নিয়ে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি।

রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। তার আগমন ঘিরে সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী সেখানে জড়ো হন। এ সময় তারা নানা স্লোগানও দেন।

রিজভী বলেন, ‘সারা দেশে বিএনপির নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত শৃঙ্খলা ফেরানো, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং কাজের জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিতে হবে।’

তিনি বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

রিজভী জানান, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাই করবেন স্থানীয় নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক বিষয়ক মন্ত্রী আরিফুল হক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং দক্ষিণের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরও