নওগাঁয় প্রসূতির পেটে গজ রেখে সেলাই, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৬ এপ্রিল নওগাঁ শহরের দক্ষিণ সুলতানপুর এলাকার বাসিন্দা রাহী মুনী সন্তান প্রসবের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যান। সেখানে এক ব্যক্তি তার পরিবারকে ভালোভাবে সিজারিয়ান অস্ত্রোপচার করানোর কথা বলে ৮ হাজার টাকায় শহরের বেসরকারি মেট্রো হাসপাতালে নিয়ে যান।

নওগাঁয় অস্ত্রোপচারের সময় প্রসূতির পেটে গজ রেখে সেলাই করার ঘটনায় এক রোগীর মৃত্যু হয়েছে। এ অভিযোগে চিকিৎসকসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁ সদর ১ নম্বর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ব্যক্তিরা হলেন— অপারেশনকারী চিকিৎসক ফাবলিহা সাদিয়া শাফীন (২৯), অ্যানেসথেশিয়া প্রয়োগকারী চিকিৎসক মো. আখেরুজ্জামান রবি (৩৩), মেট্রো হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. রিপন আলী (৩৭), অপারেশন থিয়েটারের ইনচার্জ মোসা. সালমা বিবি নাজমা (৩২), রোগীর দালাল মো. রাশেদুল ইসলাম হিরু (৩৩) ও মো. নাহিদ বাবু (২২)।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৬ এপ্রিল নওগাঁ শহরের দক্ষিণ সুলতানপুর এলাকার বাসিন্দা রাহী মুনী সন্তান প্রসবের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যান। সেখানে এক ব্যক্তি তার পরিবারকে ভালোভাবে সিজারিয়ান অস্ত্রোপচার করানোর কথা বলে ৮ হাজার টাকায় শহরের বেসরকারি মেট্রো হাসপাতালে নিয়ে যান।

ওই দিন রাতে রাহী মুনীর সিজারিয়ান অস্ত্রোপচার করেন চিকিৎসক ফাবলিহা সাদিয়া শাফীন। অস্ত্রোপচারের পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়।

পরদিন অবস্থার আরো অবনতি হলে মেট্রো হাসপাতালে তার পেটে দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়। এ সময় পেটের ভেতর থেকে গজ কাপড় বের করা হয় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

পরে আশঙ্কাজনক অবস্থায় রাহী মুনীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল তিনি মারা যান।

ঘটনার পর নওগাঁর সিভিল সার্জন মেট্রো হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনের পর তিনি হাসপাতালটি অনিবন্ধিত বলে জানান।

এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ১৩ এপ্রিল বিষয়টি নওগাঁ সদর ১ নম্বর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নজরে আসে। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি গ্রহণ করেন।

আদালত পিবিআই নওগাঁর পুলিশ সুপারকে পোস্টমর্টেম প্রতিবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার নির্দেশ দেন। তাদের নাম ও ঠিকানাসহ পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয়া হয়।

পিবিআই তদন্ত শেষে গত ২২ আগস্ট আদালতে প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদনের ভিত্তিতে বুধবার ধার্য তারিখে ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয় আদালত।

আরও