বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের ভোলা নদীতে জেলের জালে ২০ কেজি ওজনের একটি বড় কোরাল মাছ ধরা পড়েছে। গতকাল সকালে জাল ফেলার পর প্রথম টানেই মাছটি উঠে আসে স্থানীয় জেলে জহুরুলের জালে। পরে শরণখোলা বাজারের মৎস্য আড়তদার শাহাদাত মুন্সী ৩৬ হাজার টাকায় মাছটি কিনে নেন। এতে প্রতি কেজির দাম পড়ে ১ হাজার ৮০০ টাকা। জহুরুল জানান, বন বিভাগের কাছ থেকে পাস নিয়ে তিনি ভোলা নদীতে মাছ ধরতে যান। পরে জাল তুলতেই বড় কোরালটি ধরা পড়ে। শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, ‘তিন মাসের নিষেধাজ্ঞা শেষে গত এক মাসে সুন্দরবন থেকে ধরা পড়া কোরালগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়। নিষেধাজ্ঞার সময় মাছ বড় হওয়ার সুযোগ পেয়েছে। এখন সেগুলো জেলেদের জালে ধরা পড়ছে।’