আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল ভোরে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) ও একই গ্রামের বারেক হাজির ছেলে বাশার (৩৫)। তারা দুজনই আওয়ামী লীগ নেতা সালাম মিয়ার সমর্থক।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁনপুর নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর সালাম মিয়া এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহাগের সঙ্গে চাঁনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামসু মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে বিএনপি নেতা সামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকাছাড়া ছিলেন। ৫ আগস্টের পর এলাকায় ফিরে আসেন তারা। পূর্ব শত্রুতার জের ধরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এর আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা সালাম মিয়া ও তার সমর্থকদের এলাকাছাড়া করেন বিএনপি নেতাকর্মীরা। সর্বশেষ গতকাল ভোর ৫টার দিকে সালাম মিয়া ও তার সমর্থকরা এলাকায় ফিরতে চাইলে বাধা দেন সামসু মেম্বার ও তার লোকজন। পরে দুই পক্ষই টেঁটা, বল্লম, দা, ছুরি ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন ও ছুরিকাঘাতে আরো একজন ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন অন্তত ১০ জন।
রায়পুরা থানার এসআই জুবায়ের বলেন, ‘সংঘর্ষে দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
রায়পুরা থানার ওসি আদিল মাহামুদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামসু মেম্বার ও সালাম মিয়ার সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরার চাঁনপুর গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হওয়ার খবর পেয়েছেন তারা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
অন্যদিকে নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নাজিম উদ্দিন নামে স্থানীয় বিএনপির এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। গুরুতর অবস্থায় তাদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি মাহাবুর রহমান জানান, বড়াইগ্রামের নওপাড়া জামে মসজিদের জমি নিয়ে জোয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিনের সঙ্গে বিরোধ বাধে স্থানীয় বিএনপি কর্মী ফারুক হোসেনের। গতকাল দুপুর ১২টার দিকে নওপাড়া গ্রামে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় বিএনপি কর্মী ফারুক ছুরিকাঘাত করলে নাজিম উদ্দিনসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর ও আরিফ নামে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।