নীলফামারীর উত্তরা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া সনিক বাংলাদেশ লিমিটেড কারখানাটি চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল কারখানাটি খোলার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল বিষয়টি নিশ্চিত করেন কারখানার পরিচালক সু ইয়াংবাও পোলো।
কারখানা কর্তৃপক্ষের এক নোটিসে বলা হয়েছে, ১৬-১৮ নভেম্বর ধারাবাহিকভাবে শ্রমিকরা কাজ বন্ধ করেন ও কাজ করতে অস্বীকৃতি জানান। এ অবস্থায় কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ী, ১৮ নভেম্বর কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। পরবর্তী সময়ে কারখানা খোলার বিষয়ে অধিকাংশ শ্রমিকদের লিখিত আবেদনের ভিত্তিতে উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। কারখানার সব কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের নির্ধারিত তারিখ ও সময়ে কর্মস্থলে উপস্থিত থেকে শৃঙ্খলা, পেশাদারত্ব ও ইতিবাচক মনোভাব প্রদর্শন আহ্বান জানানো হয়েছে।
এ ব্যাপারে উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, ‘সনিক কারখানার মালিক পক্ষ, শ্রমিক, জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বেপজা জোন অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় রোববার কারখানাটি পুনরায় খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া সনিক বাংলাদেশ লিমিটেড কারখানা দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেন শ্রমিকরা। ২৩ নভেম্বর বেলা ১১টার দিকে ইপিজেডের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় শ্রমিকরা বলেন, এ কারখানা শুধু একটি কর্মস্থল নয়, এটি আমাদের জীবিকা, আমাদের পরিবারের স্বপ্ন আর ভবিষ্যতের ভরসাস্থল। কারখানার শান্তি, স্থিতিশীলতা আর সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখার দায়িত্ব আমাদেরই। কিন্তু কিছু ব্যক্তি বা গোষ্ঠী ব্যক্তিগত স্বার্থে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। আমাদের উচিত, আমাদের নিজেদের ও পরিবারের স্বার্থে কারো উসকানির ফাঁদে পা না দেয়া। আমরা বিশৃঙ্খলা চাই না। কর্মস্থল চাই।