শহরের চাপাতলী মহল্লার জেবীন রাইস প্রসেসিংয়ের গোডাউন থেকে এ চাল জব্দ করে পুলিশ। এ সময় গোডাউনের মালিক মো. বোরহান উদ্দিনকে আটক করা হয়। তিনি কসবা কাছারিপাড়া মহল্লার প্রয়াত বাবুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চলতি বছরের জুনে খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির সিলমোহর করা ৫০ কেজি ওজনের ৫০০ বস্তা এবং ৩০ কেজি ওজনের ২৭০ বস্তা চাল পাওয়া যায়। মোট ৭৭০ বস্তায় ৩৩ টন ১০০ কেজি চাল রয়েছে, যার মূল্য ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা।
পরে সদর থানা পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোডাউনের মালিক মো. বোরহান উদ্দিন চালগুলোর সঠিক হিসাব দিতে না পারায় তাকে আটক ও চালগুলো জব্দ করা হয়।
এ বিষয়ে মাহমুদুল হাসান বলেন, ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন ক্ষতিকর কার্যক্রম ২০২৩-এর ৫-এর ক ও খ এবং ৬ ধারা মোতাবেক উপযুক্ত বিচারের জন্য জুডিশিয়াল আদালতে মামলা করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে গোডাউন সিলগালা করে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করার নির্দেশ দেয়া হয়েছে।