ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। শুক্রবার (১৬ অক্টোবর) শিরোপা নির্ধারনী ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ।

পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে শ্রীলংকাকে ব্যাট করার আমন্ত্রন জানায় বাংলাদেশ। ব্যাট হাতে নেমে ওপেনার সানজানা কাভিন্দির হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান করে শ্রীলংকা। ৭ চার ও ২ ছক্কায় ৪৪ বলে ৬৪ রান করেন কাভিন্দি। এছাড়া মিডল অর্ডার ব্যাটার উমায়াঙ্গনা পেইরিস অপরাজিত ২৮, ভিমোস্কা বালাসুরিয়া ২৩ এবং নেথমি উপেক্ষা ২২ রান করেন।

বাংলাদেশের ফারজানা ইয়াসমিন-নিশিতা আক্তার নিশি-জান্নাতুল ফেরদৌস ও আফরিন মিম ১টি করে উইকেট নেন।

১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই বিদায় নেন দুই ওপেনার মাইমুনা নাহার ও অচেনা জান্নাত। দলীয় ২১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৬ রানে বিদায় নেন শিরিনা খাতুন। এরপর চতুর্থ উইকেটে ৬৭ রানের জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান নিশিতা আক্তার নিশি ও অধিনায়ক সাদিয়া ইসলাম। ২ বাউন্ডারিতে ৩৩ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন নিশি।

দলের রান একশ পার করে ও নিজের হাফ-সেঞ্চুরি তুলে থামেন সাদিয়া। ৩ চার ও ৫ ছক্কায় ৩৬ বলে ৫৯ রান করেন তিনি। দলীয় ১০৯ রানে পঞ্চম ব্যাটার হিসেবে সাদিয়া যখন ফেরেন তখন জয়ের জন্য ২৮ বলে ৫০ রান দরকার ছিল বাংলাদেশের।

কিন্তু পরের দিকের ব্যাটাররা দ্রুত রান তুলতে না পারায় হারতে হয় বাংলাদেশকে। ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান করে জুনিয়র টাইগ্রেসরা।

শ্রীলংকার চামোদি হেরাথ ও চামুদি প্রাবোদা ২টি করে উইকেট নেন। ফাইনাল ও টুর্নামেন্ট সেরা হন শ্রীলংকার কাভিন্দি।

এর আগে লিগ পর্বে ৬ ম্যাচ খেলে সমান ৩টি করে জয় ও হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ফাইনালের টিকিট পায় শ্রীলংকা। এছাড়া ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে লিগ পর্ব থেকে বিদায় নেয় স্বাগতিক পাকিস্তান।

আরও