দল যদি মনে করে আমার সেবার আর প্রয়োজন নেই, সেটাই মেনে নিলাম: রুমিন ফারহানা

রুমিন ফারহানা বলেন, মনোনয়ন না দেয়ায় দলের প্রতি আমার কোনো কষ্ট বা ক্ষোভ নেই। দল যদি মনে করে আমার সেবার আর প্রয়োজন নেই, তাহলে সেটাই মেনে নিলাম।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, দলের দুঃসময়ে আমি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করেছি। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা অনেক সময় আমার বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার চেয়েও বড় ছিল। সে দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। মনোনয়ন না দেয়ায় দলের প্রতি আমার কোনো কষ্ট বা ক্ষোভ নেই। দল যদি মনে করে আমার সেবার আর প্রয়োজন নেই, তাহলে সেটাই মেনে নিলাম।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আসনে জমা দেয়া ১১ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়। এরপর রুমিন ফারহানা সাংবাদিকদের কাছে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।

রুমিন ফারহানা বলেন, আমি আমার মতো করে রাজনীতি চালিয়ে যাব। ২০২২ সালের ডিসেম্বরে দল আমাকে পদত্যাগ করতে বললে কোনো দ্বিধা ছাড়াই তা মেনে নিয়েছিলাম। এরপরও দল যদি মনে করে নতুন নেতৃত্বের প্রয়োজন, আমি সেটিকে স্বাগত জানাই।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। এর মধ্যে জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুরগাছ প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা (হাঁস প্রতীক) প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন।

আরও