নাটোরের বড়াইগ্রামের নওপাড়ায় মসজিদের জমি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নাজিম উদ্দিন নামে এক বিএনপি নেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি জোয়াড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।
এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে জোয়াড়ী ইউনিয়নের নওপাড়া জামে মসজিদের জমি নিয়ে এ ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, মসজিদের জমি নিয়ে নাজিম উদ্দিনের সঙ্গে বিরোধ বাঁধে স্থানীয় বিএনপি কর্মী ফারুক হোসেনের। আজ দুপুর ১২টার দিকে নওপাড়া গ্রামে এ নিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় বিএনপি কর্মী ফারুক ছুরিকাঘাত করলে নাজিম উদ্দিনসহ ৩ জন গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা নাজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
এছাড়া এ ঘটনায় গুরুতর আহত জাহাঙ্গীর ও আরিফ নামে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানান বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান।