পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড ম্যান্টেনেইন্স শাখার অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে হেডকোয়ার্টার শাখায় সংযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার পুলিশ সদরদপ্তরের জারি করা এক অফিস আদেশে এমনটা জানানো হয়েছে।
আদেশে বলা হয়, পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদরদপ্তরের সদরদপ্তর শাখায় সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় ওই পুলিশ কর্মকর্তার মালিকানাধীন বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে আইস, সিসা, ইয়াবা, মদ, গাঁজা, কুশসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। সেখান থেকে ২৬ নারীসহ ৮৪ জনকে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, ঢাকার ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি–১ এ আবদুল্লাহ আল জহিরের একটা প্লট রয়েছে। সেখানে পাঁচটি কক্ষ নির্মাণ করে ‘এয়ারবিএনবি’ ওয়েবসাইটে দেয়া হয়েছে। সেই ওয়েবসাইট থেকে আগ্রহীরা ভাড়ার জন্য বুকিং নিয়ে সেখানে ডিজে পার্টি, মাদক সেবনসহ নানা অসামাজিক কাজ করত। দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চলে আসার তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে বাসাটিতে মাদক ও অবৈধ ডিজে পার্টি চলছিল। এসব তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছে। বাসাটি ওই পুলিশ কর্মকর্তা ভাড়া দিয়েছেন। তিনি সেখানে থাকেন না।
এদিকে অভিযোগের বিষয়ে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির গণমাধ্যমকে জানান, গতকাল ওই বাড়ি একটি জন্মদিনের পার্টির জন্য ভাড়া দেয়া হয়। ভাড়া নেয়ার সময় আগ্রহীদের জানিয়ে দেয়া হয় কি করা যাবে, কি করা যাবে না। নিয়ম ভঙ্গ করলে এক লাখ টাকা জরিমানার ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি। তার দাবি, যারা ভাড়া নিয়েছে তারা নিয়ম ভঙ্গ করেছে।