দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছে আরো তিনজন। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একইভাবে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ২৯৪ জন।
হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৭১ জন। আর নিশ্চিত হামে প্রাণহানি হয়েছে ১০৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১২৮ জন। যার মধ্যে ঢাকা বিভাগে ৩৮৭ জন, চট্টগ্রামে ২০৮, সিলেটে ১৭৫, বরিশালে ১২৩, খুলনায় ৯১, ময়মনসিংহে ৮০, রংপুরে ৩০ ও রাজশাহীতে আছে ৩৪ জন।
এদিকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৩৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১২ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৯ হাজার ৬৭৮ জন।
এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে মোট ৪৫৫ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে অক্টোবরে ১৮১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে এক এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৭২১ জন আছে ঢাকা বিভাগের হাসপাতালগুলোয়।