গণতন্ত্রের ভিত শক্তিশালী হলেই দেশের উন্নয়ন সম্ভব -পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করতে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।

দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে গণতন্ত্রের ভিত শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, দৈনন্দিন দায়িত্বগুলোও ঠিকমতো পালন করতে পারলে দেশে উন্নয়ন সম্ভব হবে। অন্যথায় পদে পদে বাধার মুখে পড়তে হবে।

গতকাল লক্ষ্মীপুর শহরের একটি রেস্টুরেন্টে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া হয়।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করতে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়াই এখন জরুরি।’

বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘গত ১৭ বছর কী হয়েছে, তা বর্ণনা করার প্রয়োজন নেই। আন্দোলনের মধ্য দিয়ে সরকার গঠন হয়েছে। এতদিন নির্বাচনী প্রক্রিয়া ছিল না, এখন তা নতুনভাবে শুরু হয়েছে। এ যাত্রাকে অনেক দূর এগিয়ে নিতে হবে।’

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করে লক্ষ্যে পৌঁছতে হবে। যে যেখানে থাকুন না কেন, নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া সবার দায়িত্ব। দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক লড়াই করেছেন, এখন জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে।’

লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন এবং লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ অন্যরা।

আরও