ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে প্রস্তুতি জোরদারের আহ্বান

ভূমিকম্প-পরবর্তী জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজউককে এলাকা ভিত্তিক ভবনগুলোর ঝুঁকি নিরূপণে দ্রুত কার্যক্রম গ্রহণের সুপারিশও করেন তিনি

রাজধানীতে সম্প্রতি অনুভূত ভূমিকম্পের প্রেক্ষাপটে ‘ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ভবনের কাউন্সিল কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।

সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সেমিনারে ভূমিকম্প ও দুর্যোগ প্রস্তুতির বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের ভূমিকম্প ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে বিশেষজ্ঞ ড. মেহেদী আহমেদ আনসারী ও ড. তানভীর মঞ্জুর।

ভূমিকম্প-পরবর্তী জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজউককে এলাকা ভিত্তিক ভবনগুলোর ঝুঁকি নিরূপণে দ্রুত কার্যক্রম গ্রহণের সুপারিশও করেন তিনি।

উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান তার বক্তব্যে বলেন, ভূমিকম্প ঝুঁকি হ্রাসে জনগণের প্রস্তুতির পাশাপাশি সরকারি সকল সংস্থার সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

যুগোপযোগী পরিকল্পনা প্রণয়ন, মাঠপর্যায়ের তদারকি জোরদার ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণের জন্য রাজউককে নির্দেশনা দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

সমাপনী বক্তব্যে ভূমিকম্পসহ সকল প্রকার দুর্যোগ মোকাবেলায় সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন সেমিনার সভাপতি ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।

আয়োজনে অন্যান্যদের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন কর্তৃপক্ষ ও সংস্থার প্রতিনিধি, বিভিন্ন ইউটিলিটি ও জরুরি সেবাপ্রদানকারী সংস্থার প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, পুরান ঢাকার প্রতিনিধি, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্বিবিদ্যালয়ের ভূমিকম্প ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষক ও গবেষক, রিহ্যাব প্রতিনিধি, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশর প্রতিনিধি, বিভিন্ন সোসাইটির প্রতিনিধিসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও