দেশে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৪৩ জনের দেহে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় ভাইরাসটির সংক্রমণজনিত রোগ কভিড-১৯-এ আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে পরীক্ষার জন্য মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৫৫৬টি। দেশের মোট ২০৬টি ল্যাবে ১২ হাজার ৪৭৫টি নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ) করা হয়। এসব নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৪৩ জনের দেহে। সে হিসাবে এ সময় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ৩ দশমিক ৫৫ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ লাখ ৬৪ হাজার ১৯৭। এসব পরীক্ষায় এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৫৮২ জনের দেহে। মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬২ শতাংশ।
অন্যদিকে এই ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১৩৭। গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় যে ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে, তাদের মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী। এ পর্যন্ত মারা যাওয়া ৮ হাজার ১৩৭ জনের মধ্যে পুরুষ ও নারী যথাক্রমে ৬ হাজার ১৬৬ ও ১ হাজার ৯৭১ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় আরো ৪৭২ জন রোগী হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮০ হাজার ২১৬।