জাতীয় রাজস্ব বোর্ড ২০২৫-২৬ করবর্ষের জন্য কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। এরই মধ্যে আয়কর রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি ব্যক্তি শ্রেণির করদাতা নিবন্ধন করেছেন। আর ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন অনলাইনে দাখিল করেছেন ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা।
এ বছর ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে ব্যক্তি করদাতারা এ সময়ের আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় অনুমোদন করতে পারেন।
রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন এবং অতিরিক্ত সময়ের অনুমোদনের কাজটি সহজ, দ্রুত, স্বচ্ছ ও স্বস্তিদায়ক করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইন সিস্টেম চালু করেছে। করদাতারা এখন সহজেই ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেন্যু ব্যবহারের মাধ্যমে রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন করতে পারছেন। গত কয়েক দিনে পাঁচ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির আবেদন করেছেন এবং বেশির ভাগ করদাতাকে স্বল্পসময়ের মধ্যে অনলাইনেই সময়ের আবেদন মঞ্জুর করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, অনলাইনে দাখিলকৃত করদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কমিশনার অনলাইনেই আবেদন অনুমোদন করছেন। সময়সীমা বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে করদাতা কোন জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন। যে সব করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি তারা বর্ধিত সময়ের মধ্যে জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করতে চাইলে তাদেরকে অবশ্যই ৩১ মার্চের আগে আবেদন করতে হবে। ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন না থাকলে সময়ের আবেদন দাখিলের পূর্বে অবশ্যই নিজ নামের বায়োমেট্রিক সিম ব্যবহার করে সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। যেসব করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক নয় তারা অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে উভয় পদ্ধতিতেই সময়বৃদ্ধির আবেদন করতে পারবেন।
জরিমানা বা অতিরিক্ত কর প্রদান এড়াতে জাতীয় রাজস্ব বোর্ড সব ব্যক্তি করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিলের জন্য বিশেষভাবে অনুরোধ করছে। তবে কেউ উক্ত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে অপারগ হলে যৌক্তিক কারণ উল্লেখ করে অনলাইনে সর্বোচ্চ ৯০ দিন সময়বৃদ্ধির আবেদন দাখিল করতে পারবেন।