পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ঢাকার খালগুলো দখল ও দূষণমুক্ত করতে কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। স্থানীয় সরকার, পানি সম্পদ, ভূমি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একসঙ্গে কাজটি করছে। এ লক্ষ্যে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) এ গ্রুপের আহ্বায়ক করা হয়েছে।
‘নতুন বাংলাদেশে পরিবেশ, জলবায়ু ও রাজনীতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এ কথা জানান। রাজধানীর পানি ভবনে আয়োজিত এ সেমিনারে দেশজুড়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
রিজওয়ানা হাসান বলেন, ‘নতুন বাংলাদেশ গঠনে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বন সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় সব ভালো উদ্যোগ শুরু করে রেখে যেতে চাই।’ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তরুণদের যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
ওয়ার্কিং গ্রুপ সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘এ গ্রুপে পানি উন্নয়ন বোর্ড, অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, নদী রক্ষা কমিশন, সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি রাখা হয়েছে। তারা একটি কর্মশালা আয়োজন করে প্রাথমিক কর্মপরিকল্পনা তৈরি করবে। চূড়ান্ত কর্মপরিকল্পনা ৩০ নভেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে জমা দেয়া হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, জাতীয় নাগরিক কমিটির আরিফুল ইসলাম আদিব ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, পরিবেশবিদ ও তরুণ পরিবেশকর্মীরাও অংশ নেন এবং মতবিনিময় করেন।