রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিচেতনা ও দর্শনকে গানের মাধ্যমে তুলে ধরতে সাংস্কৃতিক সংগঠন রবিরশ্মির উদ্যোগে রবীন্দ্র সঙ্গীতানুষ্ঠান ‘গানে গানে রবীন্দ্রনাথ’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে রাজধানীর শহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘মুক্ত করো ভয়, আপনার মাঝে শক্তি ধরো, নিজের করো জয়’ বাণীকে ধারণ করে সুর, কথা ও আবৃত্তির সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশিত হয় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। এতে অংশগ্রহণ করেন অতিথি, শিল্পীসহ রবিরশ্মির শিল্পীরা।
রবিরশ্মির পরিচালক অধ্যাপক মহাদেব ঘোষ বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে রবীন্দ্রনাথের মানবিক দর্শন, আত্মশক্তি ও মুক্তচিন্তার বার্তা নতুন প্রজন্মের কাছে আরো গভীরভাবে পৌঁছে দেয়াই আমাদের মূল উদ্দেশ্য।