বাংলাদেশ ব্যাংকের পর সাময়িক বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার

পিএইচপিতে শনাক্ত নিরাপত্তা ত্রুটির পরিপ্রেক্ষিতে সাইবার হামলার ঝুঁকি এড়াতে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ কারণে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে আগামীকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত ডিজিটাল ভূমিসেবার (land.gov.bd) সার্ভার বন্ধ রাখা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্টের ২২ অক্টোবরের জরুরি সাইবার সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে সিস্টেমের নিরাপত্তা উন্নয়নের কাজ করা হবে।

এছাড়া বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটের পর ভূমিসেবার জন্য কোনো ধরনের পেমেন্ট না করতে সবাইকে অনুরোধ করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে রক্ষণাবেক্ষণের কাজ সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে মন্ত্রণালয়।

এর আগে বিশ্বজুড়ে সরকারি-বেসরকারি বড় সংস্থা ও প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকির মুখে নিরাপত্তা নিশ্চিতে গতকাল বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংককে হ্যাকাররা ধারাবাহিকভাবে সাইবার হামলা চালাচ্ছে। তাই সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষা পেতে এবং আগাম সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তিনি আরো বলেন, প্রয়োজনীয় সাইবার নিরাপত্তা জোরদার ও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পরপরই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটি পুনরায় সচল করা হবে।

আরও