কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, একজন নিখোঁজ

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অপর এক যুবক। আজ বুধবার বেলা আড়াইটার দিকে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন।

নিহত পর্যটক ইয়াছির খাঁন (২৫) ঢাকার আফতাবনগর এলাকার বাসিন্দা। নিখোঁজ পর্যটক মোহাম্মদ ইব্রাহিমও (২৩) একই এলাকার বাসিন্দা। তাদের পুরো পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।

লাইফগার্ডের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশের এসপি আজমল জানান, ঢাকার আফতাবনগর এলাকা থেকে পাঁচজনের একটি টিম কক্সবাজার বেড়াতে আসে। হোটেলে মালামাল রেখে তারা সবাই লাবণী পয়েন্টের জলতরঙ্গ হোটেলের সামনের সৈকত এলাকায় গোসলে নামেন।

তিনি আরো জানান, সেখানে গোসলে নামা বিপদজনক উল্লেখ করে লাল পতাকা টানানো ছিল। কিন্তু তা খেয়াল না করে গোসলে নামার কিছু সময় পর পাঁচজনই স্রোতে পড়ে বিপদাপন্ন হন। এদের মাঝে তিনজন তীরে উঠে এলেও দুজন স্রোতের কারণে তৈরি হওয়া গর্তে আটকে যান।

ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা জানান, তীরে আসা সহযাত্রীরা বিষয়টি লাইফগার্ডকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিপদাপন্নদের উদ্ধারে নামে। তাদের প্রচেষ্টায় ইয়াছিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে ইব্রাহিমকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফ গার্ড সদস্যরা মিলে প্রচেষ্টা চালাচ্ছেন।

এসপি আজমল হোসেন জানান, নিহত ও নিখোঁজের পুরো পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের পরিবারের সঙ্গে আলাপ হয়েছে। তারা কক্সবাজার যাচ্ছেন।

আরও