ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে জেলার বিভিন্ন আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও বিএনপি জোটের প্রার্থীরা জয় পান।
পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৪৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ফিরোজ আলম হাত পাখা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৯৯৪ ভোট। পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে তিনি এগিয়ে থাকেন বড় ব্যবধানে।
পটুয়াখালী-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৯৯ হাজার ৭৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শহিদুল আলম তালুকদার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ১৯৫ ভোট। বাউফল উপজেলা নিয়ে গঠিত এ আসনে জামায়াত প্রার্থী এগিয়ে থাকেন ভোট গণনার শেষ পর্যন্ত।
পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ট্রাক প্রতীকে তিনি পেয়েছেন ৭৩ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৯৩০ ভোট। দশমিনা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত এ আসনে নুরুল হক নূর স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিলেন।
পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৩৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান হাত পাখা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৭৭৬ ভোট। কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপি প্রার্থী বড় ব্যবধানে জয় পান।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানানো হয়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল গণনা সম্পন্ন করে এসব আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে।