দৌলতদিয়া ঘাটে ৭ কিলোমিটার লম্বা ট্রাকের সারি

বেনাপোল থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকের চালক অমৃত লাল সরকার বলেন, গত মঙ্গলবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে পৌঁছেন তিনি। এখনো ঘাট থেকে ৫ কিলোমিটার দূরে আছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে শনিবার ছাড়া পার হতে পারবেন না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) কর্তৃপক্ষ বহরে দুটি ফেরিযুক্ত করলেও কোনোভাবেই কমছে না দৌলতদিয়া ফেরি ঘাটের যানজট। দেশের গুরুত্বপূর্ণ নৌরুট ও দক্ষিণাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে টানা এক সপ্তাহ ধরে যানজট লেগেই আছে। প্রতিদিনই ৭ থেকে ১০ কিলোমিটার এলাকায় পারের অপেক্ষায় থাকছে শত শত ছোট বড় যানবাহন। 

বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গিয়েছে, আটরশি পীরের ওরস শুরু হওয়ার পর থেকৈ এ এলাকায় যানবাহনের চাপ বেড়ে যায়। গত সপ্তাহের থেকে ওরসে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফরিদপুরে আসতে থাকেন দর্শনার্থী ও ভক্তরা। স্বাভাবিক যানবাহনের সঙ্গে বাড়তি যোগ হয় ওরসের বাস। গত বুধবার ওরস শেষে বাসগুলো আবারো দৌলতদিয়া ঘাট ব্যবহার করায় এ যানজট বেড়ে যায়। বাড়তি যানবাহনের কারণে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার করছে বিআইডব্লিটিসি। 

আজ বিকেল ৪ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাইস্কুল পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় এক সারিতে যাত্রীবাহী অন্তত ৩০০ বাস পারের অপেক্ষায় রয়েছে। আর অন্য একটি সারিতে দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে জমিদার ব্রিজ পর্যন্ত অন্তত ৭ কিলোমিটার এলাকায় দাঁড়িয়ে আছে পণ্যবাহী আরো প্রায় ৭০০ ট্রাক।

এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকের চালক অমৃত লাল সরকার বলেন, গত মঙ্গলবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে পৌঁছেন তিনি। এখনো ঘাট থেকে ৫ কিলোমিটার দূরে আছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে শনিবার ছাড়া পার হতে পারবেন না। এ চারদিন সড়কেই ঘুমানো ও খাবার খেতে হয়েছে বলেও জানান তিনি। 

যশোর থেকে কাঁচাকলা ও পেঁয়াজ নিয়ে ঢাকাগামী ট্রাকের চালক লিটন খা দালালকে টাকা দিয়ে সিরিয়াল এগিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন। এই ঘাটে ভোগান্তি কমাতে প্রশাসনের আরো কঠোর হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাবউদ্দিন জানান, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে মাওয়া ঘাট থেকে দুটি ফেরি নিয়ে আসা হয়েছে। বর্তমানে এই নৌরুটে ১৯ টি ফেরি চলাচল করছে। তবে যাত্রী ভোগান্তি কমাতে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধীকার ভিত্তিতে পার করানো হচ্ছে বলে জানান তিনি।


আরও