মাদারীপুরের কালকিনিতে একটি মাদরাসার পাশে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই মাদরাসার ৪ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার সকালে পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদরাসার পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কালকিনি থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ ওই মাদরাসার সঙ্গে থাকা ইমন সরদারের বসতঘরের সামনে হাত বোমাটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় ওই মাদরাসার ৪ শিক্ষার্থী আহত হয়।
আহতরা হলো আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯)। তাদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইমন সরদার বলেন, আমার ঘরের সামনে কিভাবে বামা বিস্ফোরিত হলো আমি জানিনা। আর মাদরাসার মুহতামিম হাফিজুর রহমান জানান, তার মাদরাসার পাশে হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪ শিক্ষার্থী আহত হয়েছে।
কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।