কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৫ নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার ব্যক্তিদের মধ্যে দুই রোহিঙ্গা এবং ১৩ জন বাংলাদেশী।
গতকাল রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী-পুরুষদের একটি স্থানে জড়ো করে রাখার বিষয়টি নিশ্চিত হয়েই অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার বাংলাদেশী নাগরিকদের মধ্যে চকরিয়া এবং নরসিংদী জেলার বাসিন্দা রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ বলছে, একটি মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে টেকনাফের দুর্গম উপকূলীয় এলাকাগুলোকে ব্যবহার করে সাগরপথে মালয়েশিয়ায় লোক পাচারের চেষ্টা চালিয়ে আসছে। উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযান এখনো চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার ব্যক্তিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।