উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগে

আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ২ লাখ ৪৫ হাজার ৬০৯ কোটি টাকা দেশের উন্নয়নে ব্যয় করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ২ লাখ ৪৫ হাজার ৬০৯ কোটি টাকা দেশের উন্নয়নে ব্যয় করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। চলতি অর্থবছর উন্নয়ন বাজেটে বরাদ্দ রয়েছে ২ লাখ ৮১ হাজার ৫৪৩ কোটি টাকা। অর্থাৎ উন্নয়ন বাজেটে বরাদ্দ কমেছে ৩৫ হাজার ৯৩৪ কোটি টাকা।

এবার উন্নয়ন বাজেটে খাতওয়ারি বরাদ্দ বিভাজন নতুন প্রবর্তিত ১৫টি খাতে পুনর্বিন্যাস করা হয়েছে। আগের বাজেটগুলোয় নয়টি খাতে বরাদ্দ বিভাজন করা হয়েছিল। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, আগামী অর্থবছর দেশের উন্নয়নে সবচেয়ে বেশি টাকা খরচ করা হবে পরিবহন ও যোগাযোগ খাতে। মোট উন্নয়ন ব্যয়ের ২৪ দশমিক ৮ শতাংশ এ খাতে বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা।

দ্বিতীয় সর্বোচ্চ ১৩ দশমিক ২ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে শিক্ষা খাতে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৯ দশমিক ১ শতাংশ। একইভাবে সাধারণ সরকারি সেবা খাতে ৮ দশমিক ৯ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৮, স্বাস্থ্য খাতে ৬ দশমিক ৮, কৃষি খাতে ৫ দশমিক ৯, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতে ৫ দশমিক ৪, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ খাতে ৪ দশমিক ১, গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলি খাতে ৩ দশমিক ৯, সামাজিক সুরক্ষা খাতে ২ দশমিক ৯, বিনোদন, সংস্কৃতি ও ধর্ম খাতে ২ দশমিক ২, শিল্প ও অর্থনৈতিক সেবা খাতে ২ দশমিক ১, জনশৃঙ্খলা ও সুরক্ষা খাতে ১ দশমিক ৭ শতাংশ ও প্রতিরক্ষা খাতে ১ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

উন্নয়ন বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া পরিবহন ও যোগাযোগ খাতের মধ্যে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

উন্নয়ন বাজেটে ২০২৫-২৬ অর্থবছরে পরিবহন ও যোগাযোগ খাতের জন্য ৫৮ হাজার ৭৫১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। এর মধ্যে এককভাবে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত উন্নয়ন বাজেটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য ৩২ হাজার ৩৩০ কোটি টাকা উন্নয়ন ব্যয়ের প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। চলতি ২০২৪-২৫ অর্থবছর মহাসড়ক বিভাগের জন্য উন্নয়ন ব্যয় বাবদ ৩২ হাজার ৪২ কোটি টাকা বরাদ্দ দেন অর্থ উপদেষ্টা। এটি সংশোধন করে ১৮ হাজার ৬২৫ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে।

মহাসড়ক বিভাগের মাধ্যমে ঢাকা মহানগরীতে দ্রুতগতির গণপরিবহন ব্যবস্থা প্রবর্তনের জন্য মেট্রোরেল ও বাস র‍্যাপিড ট্রানজিট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। টাঙ্গাইল-রংপুর, ঢাকা-সিলেট, চট্টগ্রাম-কক্সবাজারসহ দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো চার লেনে উন্নীত করা হচ্ছে। বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেছেন, ‘আমাদের সরকার টেকসই, নিরাপদ, ব্যয়সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সড়ক নেটওয়ার্ক নির্মাণের প্রতিশ্রুতি হিসেবে বিদ্যমান “‍রোড মাস্টারপ্ল্যান ২০০৯” হালনাগাদ করার উদ্যোগ গ্রহণ করেছে।’

পরিবহন ও যোগাযোগ খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জন্য। ২০২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত বরাদ্দের পরিমাণ ৯ হাজার ৩৮৮ কোটি টাকা। চলতি বছরের বাজেটে এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ আছে ১০ হাজার ৩৭৩ কোটি টাকা, যা সংশোধন করে ৭ হাজার ৯৩১ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা।

রেলপথ মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলো এগিয়ে নিতে ২০২৫-২৬ অথবছর ৭ হাজার ৭১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। চলতি অর্থবছর ১৩ হাজার ৭২৬ কোটি টাকা বরাদ্দ পায় রেলপথ মন্ত্রণালয়, যা সংশোধন করে ১০ হাজার ২২৮ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে সেতু বিভাগের জন্য ৬ হাজার ১২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছর সেতু বিভাগের জন্য বরাদ্দ ৭ হাজার ৩০৯ কোটি টাকা, যা সংশোধন করে ৫ হাজার ৮৪৯ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা।

আরও