আসন্ন কোরবানির ঈদে ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বর্জ্য ঈদের দিনেই অপসারণ করা হবে বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ।
বুধবার (৪ জুন) আমিনবাজার ল্যান্ডফিল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এবার ঈদে প্রায় ২০ হাজার টন বর্জ্য উৎপন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। এই বিশাল পরিমাণ বর্জ্য দ্রুত সরিয়ে নিতে প্রায় ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী ৩ দিনব্যাপী কাজ করবেন।
এছাড়া বর্জ্য অপসারণে ব্যবহৃত হবে ২২৪টি ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ এবং ২৪টি পেলোডার। এছাড়াও নগরবাসীর সহযোগিতার জন্য বিতরণ করা হয়েছে ১২ লাখ ৫০ হাজার পলিব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং পাউডার ও চার হাজার ক্যান স্যাভলন।