দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৬৩ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মৃত তিনজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটিতে, একজন ময়মনসিংহ বিভাগে এবং একজন রংপুর বিভাগে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯২ জন ও দক্ষিণ সিটিতে ১৬৯ জন ভর্তি হয়। দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ভর্তি হয় ২৪১ জন। এছাড়া বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রামে ১৬৯, খুলনায় ২৫৫, ময়মনসিংহে ৮৮, রংপুরে ১৭৪ ও সিলেট বিভাগে ১০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ৪৬ হাজার ৯৩৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৪৩ হাজার ৫৫৩ জন হাসপাতাল ছেড়ে গেছে। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ৪২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৩৩ জন মারা গেছে। এর মধ্যে চলতি মাসে মারা গেছে ৩৬ জন।
এর আগে চলতি বছরে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ নয়জনের মৃত্যুর রেকর্ড হয় মঙ্গলবার। এদিন হাসপাতালে ভর্তিও হয়েছিল রেকর্ড ১ হাজার ৫৭১ জন।