কুষ্টিয়া নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, তদন্ত করছে প্রশাসন

ভবনের পেছনের দিকের একটি জানালা দিয়ে আগুন দেয়া হয়েছে। নিরাপত্তারক্ষী রাজ্জাক জানান, ঘটনার সময় তিনি ভবনের দ্বিতীয় তলায় ছিলেন। ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে নিচে নেমে এলে আগুনের বিষয়টি বুঝতে পারেন। স্থানীয়দের সহায়তায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কুষ্টিয়ায় সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে অফিস ভবনের একটি কক্ষে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দাবি, ভবনের পেছনের দিকের একটি জানালা দিয়ে আগুন দেয়া হয়েছে। নিরাপত্তারক্ষী রাজ্জাক জানান, ঘটনার সময় তিনি ভবনের দ্বিতীয় তলায় ছিলেন। ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে নিচে নেমে এলে আগুনের বিষয়টি বুঝতে পারেন। স্থানীয়দের সহায়তায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইকবাল হোসেন। পরে সেখানে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।

জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান জানান, যে কক্ষে আগুন লাগানো হয়েছে সেটি সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। সেখানে কুষ্টিয়া-৩ আসনের ভোটারদের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ছিল।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বণিক বার্তাকে বলেন, স্টোর রুমে আগুন লাগার ঘটনা কীভাবে ঘটেছে বা কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আগুনে গুরুত্বপূর্ণ কোনো নথির ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন তিনি।

আরও