চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীনে দর্শনা সীমান্তের প্রধান খুঁটির ৭৬ এর নিকট শূন্য রেখায় বাংলাদেশের পাশে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনানুষ্ঠানিক পতাকা বৈঠক হয়।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট সুজিত কুমার এ বৈঠকে ছিলেন। শুরুতে উভয় ব্যাটালিয়ন কমান্ডার একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে সীমান্ত এলাকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
আলোচনায় অবৈধভাবে বাংলাদেশে পুশইনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বিজিবি অধিনায়ক। ভবিষ্যতে যাতে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে পুশইনের মতো ঘটনা না ঘটে, সেজন্য বিএসএফের কমান্ডারদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার আহ্বানও জানান তিনি।
এ সময় বিজিবির পক্ষ থেকে বলা হয়, যদি কোনো বাংলাদেশীকে প্রত্যাবাসন করার প্রয়োজন দেখা দেয়, সেক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ায় বিজিবির কাছে তালিকা হস্তান্তর করলে তাদের জাতীয়তা ও পরিচয়পত্র নিশ্চিত করে অতি দ্রুত প্রত্যাবাসন করা হবে। বিজিবি ব্যাটালিয়ন কমান্ডারের প্রস্তাবিত বিষয়টির সঙ্গে একমত পোষণ করেন বিএসএফ কমান্ডার। সেই সঙ্গে সীমান্ত দিয়ে পুশইনের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে কমান্ডারদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে বলেও আশ্বস্ত করেন।
বৈঠক শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার নিকটস্থ সীমান্ত পিলার ৭৬ পরিদর্শন করেন।