লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯ দোকান পুড়ে ছাই

‎ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, তারাবির নামাজের সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার ও জ্বালানি তেলের দোকান আলিফ এন্টারপ্রাইজে আগুন ধরে যায়

‎লক্ষ্মীপুরে আগুনের ঘটনায় জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। একটি দোকানে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে মালামালসহ দোকানগুলো পুড়ে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

‎সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে গতকাল রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

‎ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, তারাবির নামাজের সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার ও জ্বালানি তেলের দোকান আলিফ এন্টারপ্রাইজে আগুন ধরে যায়।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় ব্যবসায়ীরা ধারণা করছে। দোকানটিতে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন তাৎক্ষণিক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিবাতে ব্যর্থ হলে পরে ফায়ায় সার্ভিসে খবর দেয়। পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে এরই মধ্য বাজারের ৯টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

‎লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেন, ‘দোকানটিতে গ্যাস সিলিন্ডার, অকটেন ও ডিজেলসহ জ্বালানি তেল ছিল। ঘটনাস্থলের দূরত্ব বেশি হওয়ায় আমাদের যেতে সময় লেগেছে। দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তদন্ত শেষে আগুনের সূত্রপাত নিয়ে বিস্তারিত বলা যাবে।’

এদিকে রাতেই লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, আলিফ স্টোরে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হন। অগ্নিকাণ্ডে ৭০-৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের কথাও জানান তিনি।

আরও