বাংলাদেশ থেকে ভিসা আবেদনকারীদের ‘সুবিধার্থে’ ভিসা আন্ডারটেকিং ফরমের কাঠামো সহজ করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। ফলে ভিসার জন্য প্রয়োজনীয় নথিপত্র পূরণে আবেদনকারীদের ভোগান্তি কমবে এবং ফরম পূরণে এজেন্টের ওপর নির্ভরশীলতাও হ্রাস পাবে।
ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে আজ জানানো হয়, প্রায় তিন সপ্তাহ আগে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভিএসি) ওয়েবসাইটে সংশোধিত ফরমটি আপলোড করা হয়েছে। নতুন কাঠামোয় ফরমের বিষয়বস্তু সহজবোধ্য করা হয়েছে, যাতে আবেদনকারীরা নিজেরাই প্রয়োজনীয় তথ্য বুঝে পূরণ করতে পারেন।
ভারতীয় হাইকমিশনের এ উদ্যোগে সব ধরনের ভিসা আবেদনের ক্ষেত্রে নথি জমা দেয়ার প্রক্রিয়ায় অভিন্নতা নিশ্চিত হবে। একইসঙ্গে ভিসা আবেদনপ্রক্রিয়াকে আরো সহজ, সুবিধাজনক ও আবেদনকারীবান্ধব করাও এর লক্ষ্য।
তবে ফরম সহজ করার এ উদ্যোগের মাধ্যমে ভিসা পাওয়ার যোগ্যতার ক্ষেত্রে নতুন কোনো শর্ত যুক্ত করা হয়নি। ভিসাসংক্রান্ত প্রক্রিয়া সহজ করা এবং আবেদনকারীদের সুবিধা বাড়াতে ভারতীয় হাইকমিশনের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।