দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়তে কর্মকর্তাদের একসঙ্গে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জানান, মাদকমুক্ত সমাজ গড়তে মাদক কারবারি ও ব্যবসায়ীদের কোনো ছাড় দেয়া হবে না। একই সঙ্গে দেশের স্বাস্থ্যসেবাকে নতুন করে সাজিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার অঙ্গীকার করেন তিনি।

দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও উন্নয়নশীল দেশ গড়তে সব দফতরের কর্মকর্তাদের এক ছাতার নিচে এসে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সব দফতরপ্রধান ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, মাদকমুক্ত সমাজ গড়তে মাদক কারবারি ও ব্যবসায়ীদের কোনো ছাড় দেয়া হবে না। একই সঙ্গে দেশের স্বাস্থ্যসেবাকে নতুন করে সাজিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার অঙ্গীকার করেন তিনি।

স্বাস্থ্যখাতের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে কল্যাণ অফিস স্থাপন করা হবে বলে জানান মন্ত্রী। মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। হাসপাতালগুলোতে চিকিৎসার পাশাপাশি রোগীদের খাবারের মানও বাড়ানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ঢুকে পড়েছে। এ দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তর থেকে কার্যকর উদ্যোগ নিতে হবে। একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অনুরোধ জানান তিনি।

অতীতে নির্বাচন এলেই ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তারা এক কোটি টাকার বরাদ্দ পেতেন উল্লেখ করে তিনি জানান, অনেক ক্ষেত্রে চাকরি হারানোর ভয় দেখিয়ে তাদের ওই বরাদ্দ গ্রহণে বাধ্য করা হতো। এ ধরনের অনিয়ম ও দুর্নীতির সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসার তাগিদ দেন তিনি।

মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। তাই যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ কবির জিন্নাহ, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ও পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও