বিদেশ ভ্রমণে খরচ করা যাবে ১৮ হাজার ডলার

তবে এ বাড়তি সুবিধার পুরোটাই নগদ ডলারে নেয়া যাবে না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রযোজ্য মোট ভ্রমণ কোটার মধ্যে ডলার নোট আকারে সর্বোচ্চ ৫ হাজার ডলার নেয়া যাবে।

বিদেশ ভ্রমণে বাংলাদেশীদের বার্ষিক বৈদেশিক মুদ্রা নেয়ার সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। তবে পুরো ভ্রমণ কোটার মধ্যে নগদ ডলার নেয়ার সীমা সর্বোচ্চ ৫ হাজার ডলার নির্ধারিত থাকবে।

গতকাল বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে নতুন নির্দেশনা অনুসরণের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নং ৩৭-এর ৯(২) অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশে বসবাসরত প্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিকদের বিদেশ ভ্রমণের জন্য একটি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড়ের অনুমতি ছিল। আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত চাহিদা এবং প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এ সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ভ্রমণ কোটায় নিতে পারবেন।

তবে এ বাড়তি সুবিধার পুরোটাই নগদ ডলারে নেয়া যাবে না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রযোজ্য মোট ভ্রমণ কোটার মধ্যে ডলার নোট আকারে সর্বোচ্চ ৫ হাজার ডলার নেয়া যাবে। অর্থাৎ ভ্রমণ কোটার বাকি অংশ অনুমোদিত অন্যান্য বৈদেশিক মুদ্রা বা প্রযোজ্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ব্যবহার করতে হবে।

১২ বছরের কম বয়সী অপ্রাপ্তবয়স্কদের জন্য বৈদেশিক মুদ্রা নেয়ার সীমা আগের মতোই প্রাপ্তবয়স্কদের প্রাপ্য সীমার ৫০ শতাংশ থাকবে। ফলে নতুন সীমার হিসেবে শিশুদের জন্য বার্ষিক ভ্রমণ কোটার পরিমাণ হবে সর্বোচ্চ ৯ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।

আরও