সোমবার খুলনা যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ দুই দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরে যাচ্ছেন। এদিন সকাল ১০টায় নগরীর খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ সমাবেশ থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৪টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি। একইসঙ্গে দক্ষিণাঞ্চলের সংকট, উন্নয়ন ভাবনা ও নির্বাচনি দিকনির্দেশনা তুলে ধরবেন।

এদিকে দলের শীর্ষ নেতার আগমন ঘিরে নানা কর্মসূচি নিয়েছে মহানগর ও জেলা বিএনপি ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। মিছিল, স্লোগান আর প্রচারণায় মুখর পুরো নগরী।

নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন বলেন, সোমবার খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে একটি নির্বাচনী জনসমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।

কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল জানান, খুলনা মহানগর, জেলা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলার বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এ সমাবেশকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশে রূপ দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, খুলনা ঐতিহাসিকভাবে বিএনপির শক্ত ঘাঁটি। নির্বাচনের প্রাক্কালে দলের চেয়ারম্যানের এ সফর সাংগঠনিক শক্তি প্রদর্শন ও ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনসমাবেশে দীর্ঘ অবহেলিত দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে তারেক রহমান সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেবেন বলে জানিয়েছেন খুলনা-২ আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

এদিকে জনসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরও