কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে একদিনে চিকিৎসাধীন অবস্থায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে ১০ জনের করোনা পজেটিভ ও ৫ জনের করোনা উপসর্গ ছিল।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ১১৭ জন করোনায় আক্রান্ত রোগী ও ৫১ জন উপসর্গ নিয়ে মোট ১৬৮ জন রোগী ভর্তি রয়েছে।
পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় ৫১১জনের নমুনা পরীক্ষা করে ১৪১ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.৫৯% শতাংশ।
এদিকে ১৮তম দিনের মতো জেলায় কঠোর লকডাউন চলছে। প্রশাসনের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে জেলার শিল্প-কারখানাগুলো চালু রয়েছে। কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে। জেলার শপিংমল, হোটেল, রেস্তোরা দোকান-পাট বন্ধ থাকলেও মানুষ কিন্তু শহরে প্রবেশ করছে। শহরের প্রবেশ পথগুলোতে ব্যরিকেট দিয়ে তাদের আটকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।