শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা চার ঘণ্টা সংঘর্ষ হয়েছে

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা চার ঘণ্টা সংঘর্ষ হয়েছে। রাতে টর্চলাইট জ্বালিয়ে চলা এ সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত দুজন আহত হন।

সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে গতকাল রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত টানা চার ঘণ্টা এ পরিস্থিতি চলে। ওই সময় হাতবোমা বিস্ফোরণের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নতুন মাদারীপুর গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতেও দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে শতাধিক হাতবোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আহত দুজনের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

আরও