কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (১৪ মার্চ) বিকালে তারা এ ইফতার মাহফিলে যোগ দেন। এর আগে দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেন আন্তোনিও গুতেরেস। সেখানে তিনি রোহিঙ্গা শিক্ষার্থীদের কথা শোনেন, নিজে কথা বলেন ও ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
শুক্রবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে কক্সবাজারে পৌঁছান। সেখানে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, আন্তোনিও গুতেরেস কক্সবাজার বিমানবন্দরে নামার পর বেশ কিছু অনুষ্ঠানিকতা শেষ করে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশে রওনা দেন।
রোহিঙ্গা ক্যাম্পে সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসূচিতে অংশ নেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ মহাসচিবের কর্মসূচির মধ্যে ছিল রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন। এসব অনুষ্ঠান শেষ করার পর জাতিসংঘ মহাসচিব উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেন। পরিদর্শন ও ইফতার শেষে সন্ধ্যায় একসঙ্গে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব।