মাহ্দী আমিন

বিএনপিকে নিয়ে নব্য সংস্কারবাদীদের বিভ্রান্তি ও অপপ্রচার বিস্ময়কর

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব বিএনপিই সর্বপ্রথম জাতির সামনে তুলে ধরে, সেই ২০১৬ সালে।

বিএনপি শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়ে আসছে। তারই ধারাবাহিকতার অংশ হিসেবেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে, যা এরইমধ্যে আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ বারবার ঘোষণা করেছেন।

ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি যখন অবিরত সংস্কারের পক্ষে কথা বলেছে ও আন্দোলন করেছে, তখন যারা একটিবারের জন্যও সংস্কারের কথা মুখে আনেনি বা সংস্কার নিয়ে চিন্তা করেনি, আজকে তারা অনেকেই সংস্কার নিয়ে বড় বড় কথা বলছেন। সংস্কারের জনক, ধারক ও বাহক বিএনপিকে নিয়ে তথাকথিত এই নব্য সংস্কারবাদীরা বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছেন, যা বিস্ময়কর। এ মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মাহ্দী আমিন বলেন, বিএনপি শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়ে আসছে। তারই ধারাবাহিকতার অংশ হিসেবেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে, যা এরইমধ্যে আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ বারবার ঘোষণা করেছেন। বিএনপি বিশ্বাস করে, জনগণের ক্ষমতায়ন তথা ভোটাধিকারের মাধ্যমেই একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।

সংস্কার কার্যক্রমে বিএনপির ভূমিকা উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, ২০১৬ সালে বিএনপি জাতির সামনে উপস্থাপন করে ভিশন-২০৩০। ২০২২ সালে ঘোষণা করা হয় ২৭ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব, এবং ২০২৩ সালে আরো বিস্তৃতভাবে উপস্থাপন করা হয় ৩১ দফা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব বিএনপিই সর্বপ্রথম জাতির সামনে তুলে ধরে, সেই ২০১৬ সালে। একইভাবে, একজন ব্যক্তি যেন দীর্ঘদিন ধরে একই পদে ক্ষমতায় থাকতে না পারেন, সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার প্রস্তাবও বিএনপিই আগে উত্থাপন করেছে। ২০১৪ সালেই জনাব তারেক রহমান মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থাকে উৎসাহিত করতে ৫% কোটা সংরক্ষণের প্রস্তাব দেন।

বিভ্রান্তিকর তথ্য প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, গত এক সপ্তাহেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যার সুস্পষ্ট প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে উঠে এসেছে। আমরা আরো দেখতে পাচ্ছি, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান পুনরায় ছড়িয়ে দেয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে এবং একই ভাষা ও একই ধরনের স্লোগান ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী কাজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ক্যাডেটদের মোতায়েন করার সিদ্ধান্তে বিএনপি অত্যন্ত উদ্বিগ্ন জানিয়ে মাহ্দী আমিন বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিএনসিসি ক্যাডেটগণের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত। ফলে তাদেরকে নির্বাচনে সম্পৃক্ত করলে তা অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করবে বলে আশঙ্কা করছি। এ বিষয়ে আমরা এরইমধ্যে নির্বাচন কমিশনে চিঠির মাধ্যমে বিএনসিসির ক্যাডেটদের মোতায়েন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছি।

আরও