চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদ্দাম হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন বিএডিসি ফার্ম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
মৃত সাদ্দাম হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার আলম হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সোমবার গভীর রাতে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় বাড়ির পাশের বিএডিসি ফার্মে আম কুড়াতে যান সাদ্দাম হোসেন। এসময় বিএডিসির জেনারেটর চালু ছিল। সেখানে থাকা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পৃষ্ট হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সাদ্দামের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েদ জানান, রাত আড়াইটার দিকে সাদ্দামকে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
হাসপাতালে আনার আগেই সাদ্দাম হোসেনের মৃত্যু হয়েছে বলে জানান এ চিকিৎসক।
ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।