মাদারীপুরের ডাসার উপজেলা থেকে বিলুপ্তপ্রায় একটি গ্রে ফিশ ঈগল আহত অবস্থায় উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। পরে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে পাখিটির।
ডাসারের বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়ারপাড় এলাকার স্থানীয়দের দেয়া খবর পেয়ে গতকাল বন বিভাগের একটি দল পাখিটিকে উদ্ধার করেন। আজ বিকালে এমনটি জানান মাদারীপুরের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
মাদারীপুর ভারপ্রাপ্ত বন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, গতকাল সকালে পাথুরিয়ারপাড় এলাকার স্থানীয়রা একটি পরিত্যক্ত জঙ্গলে আহত অবস্থায় গ্রে ফিশ ঈগল পাখিটিকে দেখতে পেয়ে বন বিভাগে খবর দেয়। পরে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসে। এসময় পাখির ডান পাশের ডানাটিতে ক্ষত দেখতে পাওয়া যায় এবং উড়তেও পারছে না।
পরে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে নিয়ে গিয়ে ক্ষতস্থানে ঔষধ ও এন্টিবায়োটিক ইনজেকশন দেয়া হয়েছে। পরে বন অফিসের একটি খাঁচায় পাখিটিকে আটকে রেখে মাছ ও মাংস খাবার হিসেবে খেতে দেয়া হয়।
মাদারীপুরের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম বলেন, ইয়ক প্রজাতির এ পাখি মাদারীপুরসহ পুরো অঞ্চলে খুব একটা দেখতে পাওয়া যায় না। এখানে পাখিটি বিরল। বর্তমানে জেলা প্রাণী সম্পদ কার্যালয় ও বন বিভাগের তত্ত্বাবধায়নে চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে যদি উড়তে পারে, তাহলে ঈগলটিকে মাদারীপুরের কোনো উন্মক্ত স্থানে অবমুক্ত করা হবে। আর যদি সুস্থ না হয় তাহলে খুলনা বন বিভাগের প্রাণী সংরক্ষণ কার্যালয়ে পাঠানো হবে।