ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে রাজধানীর গুলশানের নগর ভবনে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের কার্যালয়ে এ বৈঠক হয়। এ সময় ডিএনসিসির আওতাধীন এলাকায় খাল ও জলাশয়ের টেকসই উন্নয়নে ও শহরে ব্লু নেটওয়ার্ক স্থাপনে সহযোগিতা প্রদানের আগ্রহ ব্যক্ত করেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত।
বৈঠকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে মোহাম্মদ এজাজ বলেন, ঢাকা শহরে ব্লু নেটওয়ার্ক স্থাপনে ডিএনসিসি এরই মধ্যে খালের খনন ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছে। ব্লু নেটওয়ার্ক স্থাপনের এ উদ্যোগে নেদারল্যান্ডস আমাদের আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করতে পারে। ফলে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি।
ডিএনসিসি প্রশাসক বলেন, নেদারল্যান্ডসের দৃষ্টিনন্দন খালগুলো বিশ্বে রোল মডেল। সেখানকার শহরগুলোর যে ব্লু নেটওয়ার্ক ও হাইড্রো ইকোনমিক ডেভেলপমেন্ট রয়েছে তাদের কার্যক্রমের মডেল ও অভিজ্ঞতা আমাদের জন্য সহায়ক হবে।
জবাবে রাষ্ট্রদূত বলেন, ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন, স্যানিটেশন ম্যানেজমেন্ট, ও খালগুলোর টেকসই উন্নয়নে কাজ করতে আগ্রহী নেদারল্যান্ডস। ঢাকা শহরে যে খাল রয়েছে সেগুলো উন্নয়ন করে ব্লু নেটওয়ার্ক স্থাপনের সুযোগ রয়েছে। এ লক্ষ্যে যৌথভাবে নেদারল্যান্ডস কাজ করতে চায়। দ্রুতই এই বিষয়ে আমরা বিস্তারিত উল্লেখপূর্বক প্রস্তাবনা দিব। দুই দেশের সম্পর্ক উন্নয়নে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।