নেত্রকোনা জেলায় জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করেছে জেলা প্রশাসন। এখন থেকে নিবন্ধিত কার্ড ছাড়া কোনো যানবাহন পেট্রোল বা অকটেন সংগ্রহ করতে পারবে না। সোমবার (১৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ নতুন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, জ্বালানি বিতরণে অনিয়ম ও অপচয় রোধে এ আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কার্ডের জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং এ প্রক্রিয়া আগামী ১৮ এপ্রিল পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের পর ডিজিটাল ফুয়েল কার্ড ছাড়া কোনো ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহ করা হবে না। প্রতিটি লেনদেনের তথ্য কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, একজন কার্ডধারী একবারে সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি নিতে পারবেন। পরবর্তী সময়ে তেল নিতে হলে সংশ্লিষ্ট যানবাহনের মাইলেজের তথ্য দেখাতে হবে। এ ব্যবস্থার মাধ্যমে প্রতিটি লেনদেন তাৎক্ষণিকভাবে সংরক্ষিত হবে। এতে জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে। একইসঙ্গে সেবার মান আরো আধুনিক ও স্বচ্ছ হবে বলে জেলা প্রশাসন আশা প্রকাশ করছে।
ডিজিটাল ফুয়েল কার্ড পেতে আগ্রহীদের যানবাহনের বৈধ নিবন্ধন নম্বর, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে। এছাড়া আবেদনকারীর ছবি ও রক্তের গ্রুপের তথ্য প্রয়োজন হবে। অনলাইনে আবেদনের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট (fuelcardnetrokona.com) ব্যবহার করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্ড সংগ্রহ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক আরিফুর রহমান সরদার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন। এ সময় জেলার বিভিন্ন উপজেলার ফিলিং স্টেশনের মালিক ও সরকারি দফতরের কর্মকর্তারা অংশ নেন।